প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের জন্য একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৪ অথবা ১৫ মে সেখান থেকে বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরবেন।
মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানায় নিউইয়র্কের কনস্যুলেট জেনারেল অফিস।
নিউইয়র্কের কনস্যুলেট জেনারেল অফিসের ওই বার্তায় জানানো হয়, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লস এঞ্জেলসের বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সমন্বয়ে কাতার এয়ারওয়েজের একটি চার্টার্ড ফ্লাইট পরিচালনের উদ্যোগ গ্রহণ করেছে। এ ফ্লাইটটি আগামী ১৪ অথবা ১৫ মে যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার সম্ভাবনা রয়েছে।
এর আগে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন, ডিসি এবং নিউইয়র্ক ও লস এঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের অবস্থান সংক্রান্ত তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক তাদের নিজ নিজ খরচে বিশেষ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রত্যাশায় অত্র দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে।
ন্যূনতম সংখ্যক যাত্রীর টিকিট ক্রয় স্বাপেক্ষে ওয়াশিংটন ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথবা নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট থেকে আগামী ১৪ অথবা ১৫ মে এ বিশেষ ফ্লাইট পরিচালনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লস এঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সমন্বিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ফ্লাইটের প্রতিটি ইকোনমি ক্লাস (সুলভ শ্রেণী) টিকিটের মূল্য আনুমানিক ২ হাজার ২০০ মার্কিন ডলার হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস