উপবৃত্তির সাথে শিক্ষার্থীরা পাচ্ছে জামা-জুতা-ব্যাগ

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ৬ মাসের বকেয়া উপবৃত্তির পাশাপাশি পাচ্ছে জামা, জুতা ও ব্যাগ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ইতিমধ্যে এ অর্থ ছাড়ের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের (তৃতীয় পর্যায়) পরিচালক যুগ্মসচিব মো. ইউসুফ আলী এ কথা জানিয়ে সারাদেশের সব উপজেলা শিক্ষা অফিসারকে পত্র দিয়েছেন।

সেখানে তিনি আগামী ১৪ মে’র মধ্যে উপবৃত্তির তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থ বিতরণের জন্য সুবিধাভোগীর তালিকা রুপালী ব্যাংকের শিওর ক্যাশের পোর্টালে আপলোডের জন্য উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দিয়েছেন।

চিঠিতে বলা হয়, সদাশয় সরকার রমজানের ঈদের আগেই উপবৃত্তির অর্থ সুবিধাভোগীদের মোবাইলে পাঠাতে চায়। ১৪ মে’র মধ্যে উপবৃত্তির সুবিধাভোগীর তালিকা রূপালী ব্যাংকের শিওর ক্যাশের পোর্টালে আপলোডে ব্যর্থ হলে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকল্প পরিচালকের এ চিঠিতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে, এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জামা, জুতা ও ব্যাগ কেনার জন্য এক হাজার টাকা করে কিট অ্যালাউন্সও একইসঙ্গে দেয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতি কিস্তিতে তিন মাসের অর্থ একসাথে দেয়া হয়। এবার ছয় মাস বকেয়া থাকায় ২০১৯-২০২০ অর্থবছরের তৃতীয় ও চতুর্থ কিস্তির টাকা একসঙ্গে দেয়া হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর