প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ভারত থেকে আরও ১২৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। করোনাভাইরাসের কারণে ঘোষিত লকডাউনে ভারতে তারা আটকে পড়েছিলেন।
মঙ্গলবার (৫ মে) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে নয়াদিল্লি থেকে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান বিষয়টি গণমাধ্যমকে জানান।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ১২৮ জনের ফেরার মাধ্যমে ভারতের বিভিন্ন শহরে চিকিৎসা ও অন্যান্য কারণে এসে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর ধারাবাহিক প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায় সম্পন্ন হলো। এই দুই পর্যায়ে দুই সহস্রাধিক আটকে পড়া বাংলাদেশি আকাশপথে দেশে ফিরেছেন।
বিজ্ঞপ্তিতে হাইকমিশন আরও জানায়, আকাশপথের পাশাপাশি সড়কপথেও ফেরার প্রক্রিয়া চালু রয়েছে। লকডাউন শুরু হওয়ার পর বিভিন্ন স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশ মিশনসমূহের সহায়তায় দেশে ফেরা যাত্রীর সংখ্যা পাঁচ শতাধিক। মঙ্গলবার দিল্লি থেকে সড়কপথে ২৬ জন বাংলাদেশি বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ, তামিলনাড়ুসহ বিভিন্ন দূরবর্তী রাজ্য হতে আগামী কয়েক দিনে সড়কপথে শতাধিক বাংলাদেশির দেশে ফেরার অনুমোদন প্রক্রিয়া চলমান রয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস