প্রেমিকার থেকে মোবাইল নিতে গিয়ে নিখোঁজ পুলিশ সদস্যের ছেলে

প্রেমিকার কাছ থেকে মোবাইল ফোন আনতে গিয়ে ৬দিন ধরে নিখোঁজ রয়েছে এক পুলিশ কর্মকর্তার ছেলে।

গত ৩০ এপ্রিল রাতে টাঙ্গাইল পৌরসভার কাগমারা এলাকা থেকে ওই যুবক নিখোঁজ হওয়ার পর ৬দিন গড়িয়ে গেলেও তার এখনো সন্ধান মেলেনি।

নিখোঁজ যুবক আব্দুল্লাহ আল মামুন আশিক (১৮) টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা রাশেদুল ইসলাম লেবু ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত আছেন।

সন্তান হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। জীবিত অবস্থায় সন্তানকে ফেরত চাইছেন নিখোঁজ আশিকের পরিবার।

এ ঘটনায় নিখোঁজ আশিকের মা আনোয়ারা বেগম বাদি হয়ে গত ২ মে টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পুলিশ সদস্য রাশেদুল ইসলাম লেবু বলেন, কয়েক মাস আগে থেকে প্রতিবেশী রেজাউল করিমের মেয়ের সঙ্গে তার ছেলে আশিকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে আশিক কথা বলার জন্য ওই মেয়েকে মোবাইল ফোন উপহার দেয়। মেয়ের বড় ভাই মাহিম (১৯) বিষয়টি জানার পর আশিককে মোবাইল ফোন নিতে তার বাসায় যেতে বলেন। আশিক গত ৩০ এপ্রিল রাত আটটায় মেয়ের বাসায় মোবাইল ফোন আনতে যায়। পরে সে আর বাড়িতে ফিরে আসেনি।

আশিকের বন্ধু মো. আরিফ জানায়, ওই মেয়ের সঙ্গে আশিকের তিন মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। আশিকের সঙ্গে সে তার প্রেমিকার বাসায় মোবাইল আনতে যেতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু তাকে আশিক সঙ্গে নিয়ে যায়নি। ওই বাসায় যেতে আশিক খুব ভয় পাচ্ছিলো।

ওই এলাকার বাসিন্দা পারভীন বেগম জানান, ঘটনার দিন রাতে ওই মেয়ের বাসায় দিকে আশিককে যেতে দেখেছেন। তার পরে কী হয়েছে তা তিনি জানেন না।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, “এ ঘটনায় মেয়ের বড় ভাইকে আটক করা হয়েছে। আশিককে খোঁজার চেষ্টা অব্যাহত আছে। যে কোনো মূল্যে আশিককে খুঁজে বের করা হবে।”

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর