যশোরে নতুন করে ১১ জন শনাক্ত, সর্বমোট ৬৯

যশোর জেলা থেকে ‘উধাও হয়ে যাওয়া’ করোনা ভাইরাস পুনরায় ফিরলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)।

দ্বিতীয় দফা নমুনা পরীক্ষা শুরু করা মাত্রই মঙ্গলবার (০৫ই মে) সকালে (যবিপ্রবি) থেকে পরীক্ষার ফলাফলের যে রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে,এ থেকে দেখা যাচ্ছে, যশোর জেলার ৫৭ টি নমুনার মধ্যে ১১টি পজেটিভ শনাক্ত হয়েছে।

এই নতুন আক্রান্ত রোগী নিয়ে যশোর জেলায় এখন পর্যন্ত মোট ৬৯ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সন্ধান মিললো। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগার থেকেই ৬৬ জনের ফলাফল পজেটিভ আসে। আর মাত্র তিনটি নমুনার ফলাফল পজেটিভ আসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে।

দুই প্রতিষ্ঠানের ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে আকাশ—পাতাল ব্যবধান কেন সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েই যায়। যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ল্যাব জীবাণুমুক্ত করার জন্য কয়েকদিন বন্ধ থাকায় খুলনা থেকে একের পর এক নেগেটিভ ফলাফল আসার বিষয়ে ‘সন্দেহর’ সৃষ্টি হচ্ছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে সোমবার যশোর জেলার সন্দেহভাজন ৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ টি পজিটিভ পাওয়া যায়।

যবিপ্রবির প্রথম দফা পরীক্ষার কাজে নিয়োজিত টিম লিডার (বর্তমানে কোয়ারেন্টাইনে) প্রফেসর জাহিদ আজ মঙ্গলবার সকালে জানান, পরীক্ষার ফলাফল ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কাছে ইমেইল—যোগে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোড অনুযায়ী রোগীদের চিহ্নিত করে সংশ্লিষ্ট সিভিল সার্জনরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এই বিষয়ে সকালে যশোরের সিভিল সার্জন ডাক্তার মোঃ আবু শাহীন সংবাদকর্মীদের বলেন, যবিপ্রবির করোনা শনাক্তের রেজাল্ট এখনো তিনি দেখেননি। অফিসে গিয়ে ইমেইল চেক করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার ফলাফল সম্বন্ধে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃআনোয়ার হোসেন আজ সকালে বলেন, ল্যাব পরিচ্ছন্ন করার আগের কিছু নমুনা ছিল। আর গতকাল কিছু নমুনা হাতে পাওয়া গেছে।

‘যশোরের সিভিল সার্জন গতকাল ৪১টি নমুনা পাঠিয়েছিলেন। এর মধ্যে একটি রিজেক্ট করা হয়েছে। বাকি ৪০টির মধ্যে ছয়টি নমুনার ফল পজেটিভ এসেছে,’ বলছিলেন প্রফেসর আনোয়ার।

খুলনা মেডিকেল কলেজ থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফল একের পর এক নেগেটিভ আসছে, অথচ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে দ্বিতীয় দফা পরীক্ষার কাজ শুরু করামাত্র পজেটিভ রেজাল্ট আসা শুরু করলো। এই প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে দেশের অন্যতম শীর্ষ অণুজীববিজ্ঞানী ডঃ আনোয়ার বলেন, অন্য কোনো ল্যাবের পরীক্ষার বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে আমাদের ল্যাবের পরীক্ষার ফলাফল নিয়ে আমরা কনফিডেন্ট।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর