পঞ্চগড়ে সময় বাড়িয়ে চেয়ে বালুমহালের ইজারাদারদের স্মারকলিপি প্রদান

পঞ্চগড়ে বালুমহালের ইজারার মেয়াদ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছে ইজারাদাররা। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এই স্মারকলিপি দেয় তারা। স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এ সময় মো. শাহজালাল, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, আব্দুর রহমানসহ বালুমহালের ইজারাদাররা উপস্থিত ছিলেন। একই সাথে তারা স্মারকলিপির অনুলিপি পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয় ও ভূমি মন্ত্রণালয়ের সচিব, রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে দিয়েছেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, পঞ্চগড় জেলার ১৫ টি বালুমহাল ১৪২৬ বঙ্গাব্দের জন্য তারা ইজারা নেন। জেলা প্রশাসক ইজারা চুক্তিতে সাক্ষর করেন ওই সনের ২ জ্যৈষ্ঠ। পুরো জ্যৈষ্ঠ মাস চলে যায় মহালগুলো বুঝিয়ে নিতে। এরপর শুরু হয় বর্ষাকাল। সে সময় নদীতে নৌকা দিয়ে বালু উত্তোলন বন্ধ হয়ে যায়। এছাড়া তীব্র শীত ও কুয়াশার মধ্যে বালু উত্তোলন কার্যক্রম বাঁধাগ্রস্ত হয়। এর মধ্যে কিছু কিছু বালুমহাল সংশ্লিষ্ট সড়কে নির্মাণ কাজ ও নদী খননে ড্রেজার মেশিন ব্যবহার করায় বালু উত্তোলন ও পরিবহণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।

এমনকি করোনা ভাইরাসের কারণে লকডাউনে বালু উত্তোলন ও পরিবহণ বন্ধ রাখতে হয়। লকডাউনের মধ্যেই আমাদের প্রশাসনের নিয়ম অনুযায়ী ইজারার মেয়াদ শেষ হয়ে যায়। চুক্তি সাক্ষর হয় ২ জ্যৈষ্ঠ এবং মেয়াদ শেষ হয় ৩০ চৈত্র। এছাড়া নানা কারণে বালু উত্তোলন ও পরিবহণ বাঁধাগ্রস্ত হয়েছে। চুক্তিতে এক বছরের ইজারার কথা থাকলেও সে সময়টুকু দেয়া হয় নি বলে দাবি করেন তারা। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সকল ইজারাদার। লাভের বদলে লোকসান গুণতে হয়েছে। তাই তারা প্রধানমন্ত্রী বরাবরে ইজারার মেয়াদ বৃদ্ধি করার জন্য দাবি জানান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর