কার্ডধারীর চাল আত্মসাতে ইউপি মেম্বার ও ডিলারের বিরুদ্ধে নোটিশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রাফিউল হাফিজ রোকন ও খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার মো. জামাল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দূর্নীতি ও কার্ডধারীদের চাল আত্মসাতের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

১০টাকা কেজির চাল না পাওয়ায় কার্ডধারীরা ইউএনও বরাবর পৃথক পৃথকভাবে একাধিক অভিযোগ দায়ের করেছে। উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য বান্ধব কর্মসূচী কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম সুজন ৫জন কার্ডধারীর অভিযোগের প্রেক্ষিতে পৃথক পৃথকভাবে দুটি কারণ দর্শানোর নোটিশ জারী করেছেন।

ছবি: বার্তা বাজার

জানা গেছে, ডিলার জামাল উদ্দিনকে ২৮শে এপ্রিল ও ইউপি সদস্য রাফিউল হাফিজ রোকনকে ৩০শে এপ্রিল কারন দর্শানোর নোটিশ প্রদান করে ৩ কার্য দিবসের মধ্যে জবাব দাখিলের জন্য নির্দেশনা প্রদান করেন। যথাসময়ে জবাব প্রদানে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচীর নীতিমালা আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে কারন দর্শানোর নোটিশে উল্লেখ রয়েছে। উল্লেখ্য উক্ত ডিলার ও ইউপি সদস্যের বিরুদ্ধে ১০টাকা কেজি চালের অনিয়মের বিষয়ে এলাকাবাসীর বিস্তর অভিযোগ রয়েছে। অভিযোগকারী আনোয়ারা খাতুনের ছেলে আবু কালাম জানান, তিনি অভিযোগ দেওয়ায় তার বাড়িতে ইউপি সদস্য রোকনের নেতৃত্বে বিভিন্ন হুমকী প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জানান, সকল অভিযোগ যথাযথ তদন্তের মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচী কমিটির সভায় আলোচনাক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর