সোনালী ব্যাংকের ম্যানেজারকে ছুরি মেরে ভল্টের চাবি ছিনতাই

বগুড়ার নন্দীগ্রামে সোনালী ব্যাংকের ম্যানেজার ও কর্মকর্তাকে ছুরি মেরে তাদের সাথে টাকা নগদ টাকা ও ব্যাংকের ভল্টের চাবি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এরপর থেকে ব্যাংকটির ওই শাখায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের জোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সন্ত্রাসীদের ছুরিতে আহত ম্যানেজারের নাম মতিউর রহমান (৫০) ও সিনিয়র অফিসার আতাউর রহমান (৪৫)। তাদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা যায়, সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার এই দুই কর্মকর্তা বগুড়া শহর থেকে মোটরসাইকেলে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন। বগুড়া-নাটোর মহাসড়কে জোড়া নামক স্থানে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে ছুরি মেরে ভল্টের চাবি, নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেনি। পরে তাদেরকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

এদিকে ব্যাংকের ভল্টের চাবি খোয়া যাওয়ার খবর পেয়ে সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখায় পুলিশ মোতায়েন করা হয়। ব্যাংকে যাতায়াতকারী লোকজনকে নজরদারিতে রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ব্যাংক ম্যানেজার মতিউর রহমান জানান, দুইজনের কাছ থেকে নগদ প্রায় ১০ হাজার টাকা, ভল্টের চাবিসহ ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর