যবিপ্রবির ল্যাবে আরও ১৯ জনের করোনা শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে প্রাণঘাতী করোনাভাইরাস পরীক্ষায় তিন জেলার আরও ১৯ রোগী শনাক্ত করা হয়েছে। সোমবার (০৪ মে) চার জেলার ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ মে) সকালে যবিপ্রবি থেকে এ ফলাফল জানানো হয়।

এ নিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে ১২ দিনে ১২৩ জন করোনা রোগী শনাক্ত হলো। যশোর জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৮ জন।

যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সোমবার ১২ তম দিনে চার জেলার ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোরের ৫৭ জনের নমুনা পরীক্ষায় ১১ জন, ঝিনাইদহের ২৩ জনের নমুনা পরীক্ষায় সাতজন, চুয়াডাঙ্গার ১৩ জনের নমুনায় একজন করোনা পজিটিভ পাওয়া গেছে। এছাড়াও মাগুরা জেলার একটি নমুনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে।

সবমিলিয়ে যবিপ্রবির ল্যাবে মোট ৯৩ জন রোগী শনাক্ত হলো। ফলে এ পর্যন্ত যশোরে ৬৮ জন, ঝিনাইদহে ২৯ জন, নড়াইলে ১২ জন, চুয়াডাঙ্গায় সাতজন, মাগুরা ও কুষ্টিয়ায় চারজন করে এবং মেহেরপুরে দুইজন করোনা রোগী শনাক্ত হলো। যবিপ্রবিতে সাত জেলার মানুষের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর