চট্টগ্রামে চিকিৎসক-পুলিশসহ একদিনে ১৩ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে নতুন করে সর্বোচ্চ সংখ্যক ১৩ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১২ জনই মহানগরীর বাসিন্দা। নতুন আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও পুলিশ সদস্যও রয়েছেন।

সোমবার (০৪ মে) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, রোববার রাত পর্যন্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। তারা সকলেই চট্টগ্রাম জেলার বাসিন্দা।

অপরদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) করোনাভাইরাস ১৮৩ জনের নমুনা পরীক্ষায় সাতজনের পজিটিভ রিপোর্ট এসেছে। তার মধ্যে চট্টগ্রাম জেলার পাঁচজন। বাকি দুইজন নোয়াখালী জেলার বাসিন্দা।

তিনি জানান, সিভাসু ল্যাবে আক্রান্তরা হলেন নগরীর পাঁচলাইশের একজন চিকিৎসক, দামপাড়া পুলিশ লাইনের দুই জন, পাহাড়তলী সরাই পাড়ার একজন, রিয়াজুদ্দিন বাজার চৈতন্য গলির একজন, গোসাইলডাঙ্গার একজন, বহদ্দার হাটের দুইজন।

এখন পর্যন্ত চট্টগ্রামে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। চট্টগ্রামে আক্রান্তের মধ্যে নগরীর ৬২ জন, সাতকানিয়ার ১৬ জন, লোহাগাড়ার একজন, সীতাকুণ্ডের একজন, বোয়ালখালীর দুইজন, পটিয়ার দুইজন, আনোয়ারার একজন, চন্দনাইশের দুই জন, সন্দ্বীপের একজন, রাঙ্গুনিয়ার একজন, ফটিকছড়ির একজন ও মিরসরাইয়ের দুইজন রয়েছেন।

এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ২১ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর