রাজধানীর আদাবরের শেখের টেক এলাকা থেকে আফরিন সুলতানা মুন্নি (৩১) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুন্নি আদাবর থানার এএসআই নজরুল ইসলামের স্ত্রী। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
সোমবার (০৪ মে) সন্ধ্যা ৭ টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
আদাবর থানার উপ পরিদশর্ক (এসআই) শংকর বালা জানান, আদাবর শেখেরটেক ১৩ নম্বর রোডের ৩০/এ নম্বর একটি বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন তারা। ২ সন্তানের জননী মুন্নি। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।
এসআই শংকর আরো জানান, তাদের ছোট সন্তান অসুস্থ। তাকে নিয়ে ও বিভিন্ন কারণে মানসিকভাবে টেনশনে ছিলেন মুন্নি। বিকেলে বাসায় সবার অগোচরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে দেখতে পেয়ে স্বজনরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ওই হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
বার্তা বাজার / ডাব্লিও.এস