করোনায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বস্তির খবর নেই কোথাও। এক সময় শত শতের কোটা পেরিয়ে ইতালি, স্পেন, যুক্তরাজ্য, ফ্রান্সের মতো ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্র হাজার হাজার মানুষের মৃত্যুর বিভীষিকায় হয়ে পড়ে বিপর্যস্ত। তবে সময়ের সাথে বিশ্বে কমেছে প্রাণহানীর সংখ্যা।
উল্টোদিকে করোনার উৎসভূমি চীন বাদে এশিয়া, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতেও হু হু করে বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অবশেষে মহামারী ঘোষণার প্রায় দুই মাস পর বিশেষ হঠাৎ করেই কমে আসতে শুরু করেছে প্রাণহানি। আন্তর্জাতিক জরিপ প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত রবিবার ২৪ ঘণ্টায় পৃথিবীতে প্রাণ হারিয়েছে ৩ হাজার ৪৮১ জন। যার পরিমাণ এর আগের দিনের চেয়ে অনেক কম।
সর্বশেষ তথ্যানুযায়ী গতকাল পর্যন্ত পৃথিবীতে মোট মৃতের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার এবং আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে। দেখা গেছে, গত ৩০ এপ্রিল বিশ্বে মৃত্যুর হার ছিল ১৮.৩৭ শতাংশ। মে মাসের প্রথম দুই দিন এই হার কমে দাঁড়ায় যথাক্রমে ১৮.১৫ এবং ১৭.৯২ শতাংশে। গত ৩ মে এই হার আরও কমে আসে ১৭.৭০ শতাংশে।
গত কয়েক সপ্তাহের মধ্যে রবিবার সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড হয়েছে ইউরোপে করোনায় সবচেয়ে বিপর্যস্ত তিন দেশ ইতালি, স্পেন, ফ্রান্স ও যুক্তরাজ্যে। এদিন যুক্তরাজ্যে ৩১৫, ফ্রান্সে ১৩৫, স্পেন ১৬৪ ও ইতালিতে ১৭৪ জন প্রাণ হারান। যা গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এ ছাড়া অন্য দেশগুলোয় মৃত্যুর সংখ্যা শতকের নিচে ছিল।
এ নিয়ে ইউরোপে গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৬০৩ ও মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৫০৩ জন। যুক্তরাজ্য বাদে লকডাউন শিথিলের পথে থাকা ইতালি ও স্পেনের মতো দেশগুলোর জন্য এ এক মহাসুখবর। তবে রাশিয়ায় আক্রান্তের সংখ্যা এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকালও দেশটিতে নতুন ১০ হাজার ৫৮১ জন কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত
হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ছাড়াল। কিন্তু এ মহাদেশের অন্য দেশগুলোর তুলনায় রাশিয়ার মৃত্যুর হার এখনো কম। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে মোট ১৩৫৬ জন।
কেএ/বার্তাবাজার