দরিদ্রদের মাঝে ‘রমজান ফুড প্যাক’ দিয়েছেন মোসাদ্দেক হোসেন

করোনাভাইরাসের কারণে গোটা দেশ ‘লকডাউন’ অবস্থায় আছে। এই পরিস্থিতি কাজ-কর্ম নেই দেশের মানুষদের। এমন পরিস্থিতিতে উচ্চবিত্ত, মধ্যবিত্তরা সামলে নিলেও সমস্যায় পড়তে হচ্ছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের। আর এমন পরিস্থিতি অন্যান্য ক্রিকেটারের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

আজ রাজবাড়ী জেলায় অসহায় পরিবারদের পবিত্র রমজান মাস উপলক্ষে ফুড প্যাক দেন মোসাদ্দেক হোসেন। উদ্যমী তরুনদের নিয়ে গড়ে উঠা ‘আদনান ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠন মাধ্যমে অসহায়দের মাঝে নিজের সহায়তা পৌঁছিয়ে দেন জাতীয় দলের এই ক্রিকেটার।

এই নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মোসাদ্দেক লিখেন; “বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী নিম্নবিত্তদের তুলনায় অধিক অর্থনৈতিক সমস্যা, সেই সাথে খাদ্য সংকটে ভুগছে মধ্যবিত্ত কিছু পরিবার।
সামাজিক মর্যাদা এবং মধ্যবিত্ত ট্যাগ গায়ে লেগে যাওয়ার কারনে তারা কারো কাছে অসহায়ত্ব প্রকাশ করতে পারছেনা।”

“আবার মূল অবস্থা না জানার দরুন কেউ তাদের কাছে খাবারও পৌঁছে দিতে পারছেনা। তাদের কথা চিন্তা করেই দারুণ একটা উদ্যোগ নিয়েছে কতিপয় উদ্যমী তরুনদের নিয়ে গড়ে উঠা Adnan Foundation। আজ রাজবাড়ী জেলায় এমনই কিছু পরিবারের কাছে উপহার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হলাম আমরা।”— যোগ করেন মোসাদ্দেক।

প্রসঙ্গত যে, করোনা প্রভাবে অসহায় হয়ে পড়া মানুষের পাশে মোসাদ্দেক দাঁড়িয়েছেন শুরু থেকেই। নিজ এলাকার কয়েকশ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, পোশাক বিতরণ করেছেন ধাপে ধাপে। এমনকি তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রাদয়ও নজর এড়ায়নি তরুণ এই ক্রিকেটারের। যাদের নিয়ে খুব একটা ভাবেনা সমাজের লোকে তাদেরও সাহায্য করেছেন নিজের সামর্থ্য অনুযায়ী।

এছাড়াও নিজের প্রিয় একটি ব্যাট নিলামে তুলতে যাচ্ছেন তিনি। যে ব্যাটের আছে সত্যিকার অর্থেই এক ইতিহাস রচনার গল্প। গত বছর বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ডকে নিয়ে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তার ব্যাটে চড়েই ক্যারিবিয়ানদের হারায় বাংলাদেশ।

দেশের হয়ে ওয়ানডেতে এই তরুণ ক্রিকেটারের দ্রুততম (২৩ বলে) ফিফটির সুবাদে বাংলাদেশ পায় ৫ উইকেটের জয় সাথে প্রথমবারের মত কোন বহুজাতিক সিরিজে শিরোপা জেতে টাইগাররা। এমন কীর্তি গড়া ম্যাচের এসএস ব্র্যান্ডের প্রিয় ব্যাটটিই নিলামে তুলতে যাচ্ছেন মোসাদ্দেক হোসেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর