পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তেজনা ভারতের সুরাটে। কাদোদারা এলাকায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে। পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ থামাতে টিয়ার গ্যাস ছুঁড়তে হয় পুলিশকে। এমনকি পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগও উঠেছে।
লকডাউনের জন্য বাড়ি ফিরতে পারছেন না অধিকাংশ পরিযায়ী শ্রমিক। কাজকর্মও নেই। বেতনও মেলেনি। খাবারের তীব্র সমস্যা। এক পরিযায়ী শ্রমিক বলছিলেন, ‘মার্চ মাস থেকে বেতন পাচ্ছি না। হাতে আর টাকাও নেই।’ এই পরিস্থিতিতে বাড়ি ফিরতে চাইছেন পরিযায়ী শ্রমিকরা। ইতিমধ্যেই কেন্দ্র বিশেষ ট্রেন ও বাসে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করছে। তাই এবার তাঁদেরও বাড়ি ফেরানো হোক।
এই দাবি নিয়ে সোমবার সুরাটের কাদোদরা এলাকায় ১০০–র বেশি পরিযায়ী শ্রমিক বিক্ষোভ দেখান। পুলিশ বিক্ষোভ থামাতে এলে পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে। বিক্ষোভ থামাতে পুলিশকে টিয়ার গ্যাস ছুঁড়তে হয়। এমনকি পরিযায়ী শ্রমিকদের উপর লাঠি চালানোর অভিযোগও উঠেছে। লকডাউনের প্রথম দিন থেকেই পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভে উত্তাল সুরাট। এই নিয়ে চারবার এরকম ঘটনা ঘটল এখানে।
বার্তাবাজার/কে.জে.পি