ঈশ্বরগঞ্জে ২০ টাকা নিয়ে বাকবিতন্ডায় হামলা, আটক ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাত্র ২০ টাকা নিয়ে বিরোধে একটি হিন্দু ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে হামলা করলে স্থানীয় লোকজন হামলাকারী দুই ভাইকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সরতাজ বহেরা বাজারে মিষ্টির দোকান রয়েছে গ্রামের মনোরঞ্জন মোদকের। সোমবার বিকেলে সরতাজবহেরা বাজারে ডাটা বিক্রি করতে যায় সাখুয়া মাঝেরচর গ্রামের রইছ উদ্দিনের ছেলে মিরাস উদ্দিন।

২০ টাকায় মিরাসের কাছ থেকে ডাটা কিনে নেয় মনোরঞ্জন। কিন্তু ইফতারের কিছু সময় পূর্বে মনোরঞ্জনের দোকানে গিয়ে টাকা চেয়ে বসে মিরাস। ২০ টাকা দেওয়া হয়েছে বললেও তা মানতে চায়নি। উদ্ধুত পরিস্থিতিতে বাজারের লোকজন বিষয়টি মিটমাট করে দিলে ইফরাতারের পর সন্ধ্যা সোয়া ৭ টার দিকে লোকজন নিয়ে বাজারে আসে মিরাস।

দোকান থেকে মনোরঞ্জনকে ডেকে নিয়ে বেদম মারধর করে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয় অসীত মোদক, দোকান কর্মচারি মোস্তাকিম, স্থানীয় সিরাজ মিয়া, বেলাল মিয়া ও নেজামুল হক। তাদের মধ্যে কয়েকজনকে হাসাপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মিরাস ও তার ভাই আবদুল্লাহ লাঠিসোঠা নিয়ে বেপোরোয়া ভাবে লোকজনকে মারতে থাকলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দিয়ে আটক করে। দুই ভাইকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। ওই অবস্থায় বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাত সোয়া ৮ টার দিকে থানার এসআই রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে আবদুল্লাহ ও মিরাসকে আটক করে থানায় নিয়ে যায়।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, স্থানীয় লোকজন হামলায় অংশ নেওয়া দু’জনকে আটক করে রাখে। খবর পেয়ে তারা উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর