বিস্ফোরক নিয়ে পুরো শহর ঘুরে বেড়ান জেএমবির ৩জন

চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

সোমবার বিকেলে নগরীর বাকলিয়া থানার ডিসি রোডের গনি কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের থেকে আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। আটকরা হলেন- সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা হাদুরপাড়া এলাকার মোহাম্মদ ইসহাক মিয়ার ছেলে মোহাম্মদ সাইফুল্লাহ, দক্ষিণ মারফলা এলাকার মনির আহমদের ছেলে মোহাম্মদ এমরান ও উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকার মহরম আলীর ছেলে মোহাম্মদ আবু সালেহ। তাদের মধ্যে এমরান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ও আবু ছালেহ একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি) জনাব পলাশ কান্তি নাথ বলেন, ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় প্রযুক্তির সহায়তায় নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা হামলার বর্ণনা দিয়েছেন। এছাড়া হামলার ঘটনায় মোট সাতজনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পলাশ কান্তি নাথ বলেন, ঘটনার দিন; চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আইইডি (বিস্ফোরক) নিয়ে এমরানের বাসায় যান পলাতক সেলিম ও সাদেকসহ তিনজন। জুমার নামাজ শেষে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ষোলশহরের ট্রাফিক পুলিশ বক্সটি বিস্ফোরণের জন্য টার্গেট করেন তারা। আইইডি রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিভাবে বিস্ফোরণ ঘটাতে হবে তা এমরানকে প্রশিক্ষণ দেন সেলিম। এরপর এমরানের কাছে রিমোট কন্ট্রোলারটি হস্তান্তর করেন।

তিনি আরো বলেন, পুলিশ বক্সে বিস্ফোরণের উদ্দেশে সেলিমের নির্দেশে পুলিশ বক্সের ভেতর গিয়ে টেবিলের নিচে আইইডিটি সুকৌশলে রেখে আসেন আবু সাদেক। এরপর এমরান আইইডিটি বিস্ফোরণের কথা থাকলেও তিনি তা না করে রিমোট কন্ট্রোলারটি খুলশীর নিজ বাসার সামনের ডাস্টবিনে ফেলে দেন। পরে এমরানের সহায়তায় রিমোট কন্ট্রোলারটি ডাস্টবিন থেকে সংগ্রহ করে পুলিশ বক্সের দক্ষিণের যাত্রীর ছাউনির পাশে দাঁড়িয়ে বিস্ফোরণ ঘটান সাইফুল।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের পর ঘটনার তদন্তে নামে পুলিশের বিভিন্ন ইউনিট। এ ঘটনায় সিএমপির ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোহাম্মদ আরাফাত হোসেন ভূঁইয়া ও এএসআই আতাউল্লাহসহ কয়েকজন পথচারী আহত হন।
ডেইলি বাংলাদেশ

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর