আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশ করোনা বিরোধী লড়াইয়ে খুব শিগগিরই বিজয় লাভ করবে বলে।
সোমবার(৪ মে) সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে “প্রধানমন্ত্রীর উপহার” খাদ্য সামগ্রী বিতরণের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, “বাংলাদেশ করোনা বিরোধী লড়াইয়ে খুব শিগগিরই বিজয় লাভ করবে ইনশাআল্লাহ্। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে আলো জ্বলবেই। বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না।”
তিনি আরও বলেন, “সরকার নিম্ন আয়ের অসহায় মানুষের মধ্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে তৃণমুল পর্যায়েও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, চিকিৎসক এমনকি সাংবাদিকেরাও মাঠে যেভাবে কাজ করছেন তা প্রশংসনীয়। তাদের অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।”
এ সময় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কলিলুর রহমান সিরাজী, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সহিদুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি