দেশে করোনায় আক্রান্ত-মৃত্যুতে নারীর থেকে বেশি পুরুষ

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের ৬৮ ভাগ পুরুষ এবং ৩২ ভাগ নারী। এর মধ্যে মৃতের ৭৩ ভাগ পুরুষ এবং ২৭ ভাগ নারী। বয়সের হিসাবে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছেন ৬০ বছরের বেশি বয়সীরা এবং সবচেয়ে কম মৃত্যুবরণ করেছে ১১ থেকে ২০ বছর বয়সীরা। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৪৩ জন। এ ভাইরাসে প্রাণ গেছে ১৮২ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এক হাজার ২১০ জন।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে করোনা বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ‘গত ৩ মে পর্যন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, করোনা শনাক্তদের মধ্যে ৬৮ ভাগ পুরুষ এবং ৩২ ভাগ নারী। যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে ৭৩ ভাগ পুরুষ এবং ২৭ ভাগ নারী। মৃতের, ৬০ বছরের বেশি বয়সী ৪২ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৭ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৯ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৭ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ শতাংশ এবং ১০ বছরের নিচে ২ শতাংশ।’

নাসিমা সুলতানা আরও জানান, ‘গতকাল আমরা বলেছিলাম ১১ থেকে ২০ বছর বয়সী একজন মৃত্যুবরণ করেছেন। কিন্তু এটাকে আমরা শতাংশের তালিকায় নেইনি। যেহেতু এক শতাংশেরও কম প্রায় দশমিক ৫ শতাংশ ব্যক্তি মারা গেছে, তাই ১১ থেকে ২০ বয়সীদের শতাংশের হিসাব এর মধ্যে আসেনি।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর