সরকারের সঠিক পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত : তথ্যমন্ত্রী

করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে বিশ্বব্যাপী এই সংকটের সময় মানুষের জীবন এবং জীবিকা দু’টি রক্ষার লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সরকার প্রথম থেকেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সঠিক পদক্ষেপ নেয়ার কারণেই সরকার আজ বিশ্বব্যাপী প্রশংসিত’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (৪ মে) সচিবালয়ে নিজ দফতর থেকে অনলাইনে দেয়া সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

হাসান মাহমুদ ওই ভিডিও বার্তায় বলেন, মানুষের জীবন রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটি ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনকি বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ফোর্বস কর্তৃক প্রশংসিত হয়েছে।’

করোনাভাইরাসের কারণে আজ বিশ্ব অর্থনীতিতে যে বিরাট ঝাঁকুনির সৃষ্টি হয়েছে, সেই সংকট মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন জানিয়ে ড. হাছান বলেন, ‘অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করে মানুষের জীবিকা রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, বিশ্ববিখ্যাত দি ইকনোমিস্ট পত্রিকায় সেগুলোর সঠিক পরিস্ফুটন হয়েছে।’

এখন অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর ওপরে, এমনকি ভারত, পাকিস্তান, চীনের চেয়েও এক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা অনেক ভালো- সেটিই দি ইকনোমিস্ট পত্রিকায় এসেছে, ব্যাখ্যা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, কেউ প্রশংসা করুক আর না করুক এটিই হচ্ছে বাস্তবতা।

এসময় উপস্থিত একজন সাংবাদিক বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদের ‘সরকারের আহম্মকির কারণে করোনায় অব্যবস্থাপনা’ মন্তব্যের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বাংলাদেশ সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় সঠিক পদক্ষেপ নিয়ে এগুচ্ছে, সেখানে রিজভী আহমেদসহ কারো কারো বক্তব্যে মনে হয় তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখে।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর