তৌহিদুল হত্যার বিচার চায় ইবি ছাত্রমৈত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও সেই সাথে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

সোমবার (৪ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির ইবি শাখা সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু এ দাবি জানান।

তারা বলেন, গত ১ মে, ২০২০ তারিখ ভোররাতে ময়মনসিংহ নগরীর তিনকোণা পুকুরপাড় এলাকায় একটি মেসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মোঃ তৌহিদুল ইসলামকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এই নাক্কারজনক ঘটনায় একটি স্বপ্নের মৃত্যু ঘটেছে এবং দেশ এক মেধাবী সম্পদ হারিয়েছে।

দুঃখজনক হলেও সত্য যে, ঘটনার ০৪ দিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন অপরাধীকে গ্রেফতার করতে পারেনি। কিংবা এই ঘটনার কোন কূল-কিনারা খুঁজে পায়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি দেশের সর্বমহলকে ভাবিয়ে তুলছে। অবিলম্বে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দোষীদের গ্রেফতারপূর্বক খুনের কারণ উদ্ঘাটন ও শাস্তি নিশ্চিতের দাবী জানান নেতৃবৃন্দ।

তারা আরো বলেন, করোনা পরিস্থিতিতে দূরপাল্লার যানবাহন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী মেসে আটকা পড়ে আছে। আবার অনেক বাসা-বাড়ি কিংবা মেসের সকল সদস্য বাড়ি চলে যাওয়ায় প্রায়শঃ বিভিন্ন মেসে চুরির ঘটনা পত্রিকায় প্রকাশ পাচ্ছে। বিবৃতির মাধ্যমে নেতৃবৃন্দ আটকে পড়া শিক্ষার্থীদের ও বাসা-বাড়ির নিরাপত্তা নিশ্চিতকরণের জোর দাবি জানান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর