মুসলিমদের অনেক সাধনার মাস রমজান। এবার রমজানে করোনা পরিস্থিতির কারণে আমেজ নেই সারা বিশ্বেই। বিশেষ করে অসচ্ছল মুসলিম পরিবারগুলো পড়েছে বিপদে। এবার তাদের জনু নিজের থবিল থেকে বাংলাদেশী মুদ্রায় ৮৫ লাখ টাকা দান করলেন বিশ্বখ্যাত ফুটবলার মেসুত ওজিল।
আর্সেনালের এই তারকা তুরস্কের রেড ক্রিসেন্টের মাধ্যমে তার ৮৫ লাখ টাকা মুসলিমদের সাহায্যার্থে ব্যয় করেছেন। আর এজন্য দেশটির রেড ক্রিসেন্ট প্রধান করিম কিনিক এমন মহতী কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন তুুর্কি বংশোদ্ভূত সাবেক এই জার্মান তারকাকে। তিনি বলেন, ‘আমাদের ভাই ওজিলের দেয়া এই সাহায্য আমরা যত দ্রুুত সম্ভব মানুষের কাছে পৌঁছে দেবো।’
দেশটির আন্দেলো এজেন্সি নিশ্চিত করেছে, এই অর্থ মুসলিম তিন দেশে ব্যয় করা হবে ইফতার ও সাহরীর জন্য। এর মধ্যে ওজিলের নিজ দেশ তুরস্কের ১৬ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা হবে পুরো রমজানব্যাপী। এ ছাড়া তুরস্ক ও সিরিয়ার ২ হাজার পরিবারকে দেয়া হবে খাদ্য সামগ্রী।
আর সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ৯০ হাজার ইফতার প্যাকেজ বণ্টন করা হবে দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে।
মুসলিমদের পক্ষে বরাবরই দৃঢ় অবস্থানে ওজিল। গত ডিসেম্বরে চীন সরকারের কঠোর সমালোচনা করেছিলেন তিনি। কারণ তারা সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর দমননীতি চালাচ্ছে।
বার্তাবাজার/এসজে