করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় পাবনা কমিউনিটি হাসপাতালকে কোভিড ডেডিকেডেট হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হয়েছে। জেলার নয় উপজেলার ছয়টিতেই করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় পিসিআর ল্যাব স্থাপনেও কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সোমবার সকালে স্বাস্থ্যবিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে কোভিড ডেডিকেডেট হাসপাতালের প্রস্ততি সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যবিভাগ জানায়, প্রাথমিকভাবে কোভিড হাসপাতালে ১০০ শয্যার জন্য অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজারসহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ প্রস্তুত রাখা হয়েছে। আইসিইউ, ভেন্টিলেটর স্থাপনে চাহিদাপত্রও দেয়া হয়েছে। এছাড়া, পাবনা মেডিকেল কলেজের মাইক্রোবাইলোজি বিভাগে সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা পরীক্ষায় পিসিআর ল্যাব স্থাপনেও কার্যক্রম শুরু হয়েছে। দ্রুততম সময়ে এই ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হবে।
পাবনায় গত ২১ এপ্রিল নারায়ণগঞ্জ ফেরত একজন ব্যক্তির শরীরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর একজন চিকিৎসক ও দুজন স্বাস্থ্যকর্মী সহ জেলায় মোট ১১ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। তাদের কোন উপসর্গ না থাকায় বাড়িতেই চিকিৎসা দেয়া হচ্ছে। লক্ষণ দেখা দিলে হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হবে।
বার্তা বাজার/এম.সি