সাতক্ষীরা সদর হাসপাতালে ডাক্তারের অভাবে হাসপাতালের বাইরে রোগীকে বহন করা ভ্যানেই সন্তান জন্ম দিলেন এক মা। গত শুক্রবার (১ মে) এই ঘটনাটি ঘটেছে। এসময় আশেপাশে অনেক মানুষ ওই মা আর তার পরিবারের কষ্ট দেখলেও সবাই নীরব ভূমিকা পালন করেছে। ওই গৃহবধূর বাড়ি সদর উপজেলার মাছখোলা ঝুটিতলা ঋষিপাড়া এলাকায়।
জানা যায়, প্রসব যন্ত্রনা নিয়ে হাসপাতালে এসে পাননি কাউকে। তাই হাসপাতালের বাইরে ভ্যানের উপরে চারপাশে কাপড় ঘিরে সন্তান প্রসব করান তার পরিবারের লোকজন। হাসপাতালের বাইরে সন্তান জন্ম দেয়ার মানসিক কষ্ট নিয়েই তারা বাড়ি ফিরে যান।
এ বিষয়ে কথা বলার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. অসীম সরকারের সাথে গত দুইদিন ধরে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। একইসাথে এই বিষয়ে কথা বলার জন্য হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করা হলে তিনি তার দায়িত্ব এটা নয় বলে এড়িয়ে যান।
সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েতের সাথে কথা বললে তিনি ঘটনা ইতিমধ্যেই জানতে পেরেছেন বলে জানান এবং ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে সাংবাদিকদের অবহিত করেন।
বার্তাবাজার/এসজে