রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আহ্বানে সাড়া দিয়ে তার ত্রাণ তহবিলে নিজের সুন্নতে খতনা অনুষ্ঠানে পাওয়া ৬০ হাজার টাকা দিয়েছে আরিফ হুদা নামে এক শিশু।
রবিবার (৩ মে) বিকেল সাড়ে ৩টায় নগর ভবনে করোনাভাইরাসে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিতে মেয়রের হাতে এ অর্থ তুলে দেয় সে। এ সময় মেয়র শিশুটি আশীর্বাদ করেন।
শিশু আরিফ রাজশাহী মহানগরীর প্যারামাউন্ট স্কুলের সিনিয়র প্লে ক্লাসের ছাত্র ও জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের জুনিয়র সদস্য। নগরীর আলুপট্টি নিবাসী ইয়াছিন হুদা ও ডা. নুসরাত দম্পতির সন্তান সে।
আরিফের মা ডা. নুসরাত জানান, প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে অসহায় মানুষেরা খাদ্য সংকটে আছে-এমন সংবাদ টেলিভিশন ও পত্র-পত্রিকায় প্রকাশিত হচ্ছে। এই বিষয়গুলো আরিফের কোমল মনকে নাড়া দিয়েছে। তাই সে নিজের সুন্নতে খতনা অনুষ্ঠানে পাওয়া সব টাকা অসহায়দের খাদ্য সহায়তায় মেয়রের ত্রাণ তহবিলে দিতে চায়। সেজন্য ছেলেকে নিয়ে নগর ভবনে এসেছি।
মেয়র খায়রুজ্জামান লিটন জানান, কিছুদিন আগে এক শিশু তার মাটির ব্যাংকে জমানো টাকা ত্রাণ তহবিলে দিয়েছে। আজ আরেকজন শিশু তার সুন্নতে খতনা অনুষ্ঠানে পাওয়া সব টাকা নিয়ে হাজির হয়েছে। অসহায় মানুষের প্রতি কোমলমতি শিশুদের ভালোবাসা আমার হৃদয়কে নাড়া দিয়েছে, স্থাপন করেছে অন্যান্য নজির।
বার্তাবাজার/এমকে