করোনায় আক্রান্ত ডিএমপির ৪৪৭ সদস্য

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত বিভিন্ন পদমর্যাদার ৪৪৭ জন কর্মকর্তা ও সিভিল স্টাফ।

ডিএমপি সদর দফতরের সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) আশিক হাসান বলেন, রোববার (০৩ মে) পর্যন্ত ৪৪৭ জন আক্রান্তের মধ্যে দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এর বাইরে কয়েকজন আনসার সদস্য ও সিভিল স্টাফ আছেন।

এছাড়া আক্রান্তদের তালিকায় আছেন ১০ জন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর), ২৬ জন উপ-পরিদর্শক (এসআই), দুজন সার্জেন্ট, ৫৩ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ২২ জন নায়েক ও ৩১৪ জন কনস্টবল। ডিএমপিতে কর্মরত ১০ জন সিভিল স্টাফ ও সাতজন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে একক পেশা হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

সংশ্লিষ্টরা জানিয়েছে, পুলিশ করোনা মোকাবিলায় শুরু থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ও জনকল্যাণে বহুমুখী সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের ফলে, তারা বেশি আক্রান্ত হচ্ছেন।

পুলিশ সদরের তথ্যানুযায়ী, রোববার পর্যন্ত সারাদেশে করোনায় আক্রান্ত ৮৫৪ পুলিশ সদস্য, যা এ পর্যন্ত আক্রান্তদের মোট রোগীর প্রায় ১০ শতাংশ। হোম কোয়ারান্টাইনে রয়েছে ১২৫০ জন, আইসোলেশনে ৩১৫ জন, সুস্থ হয়ে গেছে ৫৭ জন। এ পর্যন্ত আক্রান্ত ৫ পুলিশ সদস্য মারা গেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর