করোনায় সবচেয়ে নাজেহাল অবস্থা ইউরোপের দেশগুলোর। অন্যসব দেশ যখন করোনাভাইরাসের প্রাদুর্ভাব সামাল দিতে কার্যত ব্যর্থ, তখন জার্মানিতে সুস্থ হয়েছেন ১ লাখ ২৯ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে আছেন ২৫ বাংলাদেশিও।
দেশটিতে ১ লাখ ৬৫ হাজার মানুষ করোনাভেইরাসে আক্রান্ত হয়েছিলেন। মারা গেছেন ৬ হাজার ৮৪০ জন। তবে কোনো বাংলাদেশি এখন পর্যন্ত দেশটিতে মারা যাননি।
জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশটির ১৬ অঙ্গরাজ্যে বসবাসরত ২৫ জন প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে পর্যাপ্ত চিকিৎসায় তারা সকলেই সুস্থ হয়ে উঠেছেন।
করোনা পরিস্থিতি ভয়াবহ হলেও কোমর বেঁধেই লড়াই করছেন জার্মানির চিকিৎসকরা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিয়নটেক ও কিউরভ্যাক নামে দুটি চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠান করোনাভাইরাসের টিকা আবিষ্কারে রাত দিন চেষ্টা করছেন। আশা করা যায়, তারা এটি আবিষ্কার করে ফেলবেন।
কিছু কিছু রাজ্যে প্রবাসী বাংলাদেশিরা সংকটে দিন পার করছে। লকডাউন বলবৎ থাকায় তাদের আয় হচ্ছে না। এ কারণে শিগগির আর্থিক কষ্টে আশঙ্কা করছেন তারা। এ ছাড়া যারা রেষ্টুরেন্টসহ ছোটখাট ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদের জন্য পরিবার চালানো কষ্টকর হয়ে পড়ছে।
কেএ/বার্তাবাজার