‘ব্রাহ্মণবাড়িয়া নিয়ে বাজে মন্তব্য করলে আইনি ব্যবস্থা’: এমপি

ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে কটাক্ষ বা বাজে মন্তব্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার(৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির জরুরি বৈঠকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে কিছু হলেই কটাক্ষ বা গালিগালাজ করা হয়। আমাদের জেলাকে নিয়ে কটাক্ষ করলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য আরও বলেন, “আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না। আমার সহকর্মীদের বলেছি, যদি নিয়মিত মামলা না হয়, তাহলে কারো কারো বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করার চেষ্টা করছি। যদি না হয় তাহলে আমরা হয়তো উকিল নোটিশ দিয়ে আদালতে তাদের আদালতে দাঁড় করাবো।”

সারাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই ১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজার নামাজে লাখো মানুষের সমাগম হয়। এর পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থান থেকে ফেসবুক ব্যবহারকারীরা ব্রাহ্মণবাড়িয়া জেলাকে কটাক্ষ করে আপত্তিকর পোস্ট দেন। এর জের ধর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর