গণমাধ্যমকর্মীদের ঝুঁকিভাতার ব্যবস্থা করুন: রিজভী

গণমাধ্যম কর্মীদের স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি আপাদকালীন ঝুঁকিভাবে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার (৩ মে) সকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, সরকারের কথামত চলা কিছু গণমাধ্যমের পাশাপাশি এখনও কিছু কিছু মিডিয়া সত্য প্রকাশে কাজ করে যাচ্ছে। নানা প্রতিকূলতা উপেক্ষা করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভয়াবহ মারণঘাতী করোনা দুর্যোগেও জীবনের ঝুঁকি উপেক্ষা করেই নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্যপ্রাপ্তি নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে ফ্রন্টলাইনে গণমাধ্যমকর্মীরা সাহসী ভূমিকা পালন করছেন। ইতোমধ্যে কোভিড-১৯-এ দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন মারা গেছেন। বহু সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন।’

রিজভী বলেন, কর্মহীন দুস্থদের ত্রাণ বিতরণে জনপ্রতিনিধি ও অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের দুর্নীতির সঙ্গে জড়িতদের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের গ্রেফতার ও মামলা দেয়া হচ্ছে। আমরা এই নিবর্তনমূলক আচরণের নিন্দা জ্ঞাপন করছি। একই সঙ্গে, গণমাধ্যমকর্মীদের সাহসী ভূমিকা অব্যাহত রাখতে গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ ও এর কর্মীদের স্বাস্থ্যনিরাপত্তা এবং নিয়মিত বেতনভাতার পাশাপাশি আপদকালীন ঝুঁকিভাতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’

তথ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, বিএনপি সরকারি ত্রাণের লুটপাটের উৎসবের সঙ্গে জড়িত নয়। তাই তথ্যমন্ত্রীর বিএনপির ত্রাণ কার্যক্রম চোখে পড়ছে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর