করোনায় অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন জাতীয় দলের সব ক্রিকেটার। যাদের মধ্যে একটু ভিন্ন উপায়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সবার নজর কেড়েছেন তামিম ইকবাল। অন্যদিকে আর্থিকভাবে সাহায্য করার পাশাপাশি নিজেদের প্রিয় মুহূর্তের স্মারকও নিলামে তুলছেন ক্রিকেটাররা। যার প্রথম ঘোষণাটা আসে মুশফিকের কাছে থেকে।
দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর সময় ব্যবহৃত ব্যাটটি তুলতে যাচ্ছেন নিলামে। একটু গুছিয়ে নিলাম কার্যক্রম শুরু করতে কিছুদিন দেরী হলেও এক সপ্তাহের মধ্যেই সব সম্পন্ন হবে বলে জানান মুশফিক।
মুশফিকের চাওয়া ব্যাটটি যেন কিনে নেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের নব নিযুক্ত ওয়ানডে কাপ্তান তামিমও জানিয়েছেন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন, সাধ্যের মধ্যে থাকলে অংশ নিবেন নিলামে।
করোনায় গৃহবন্দী সময়টায় ভক্তদের সাথে আড্ডা ও নানা প্রশ্নের উত্তর দিতে ক্রিকেটাররা অংশ নিচ্ছেন লাইভ সেশনে। তারই ধারাবাহিকতায় গতকাল (২ মে) ইনস্টাগ্রাম লাইভে অংশ নেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ এই দুই ক্রিকেটার মাঠের বাইরে ভালো বন্ধুও।
লাইভেই তামিমের নানা সামাজিক কার্যক্রমের প্রশংসা করে মুশফিক জানালেন তামিমই তাদের অনুপ্রেরণা, ‘আল্লাহ অনেকরেই অনেক তৌফিক দেয় কিন্তু এমন মন বা কলিজা দেয়না তোর মত। তুই আমাদের জন্য অনুপ্রেরণা। আমি সেদিক থেকেই একটু চেষ্টা করছি সাধ্যমত কিভাবে অবদান রাখা যায়।’
মজার ছলে তামিমের কাছেও আবদার করে মুশফিক বলেন, ‘আমি চাই ব্যাটটা তুই কিনে নে।’মুশফিক যতটা মজা করে বলেছেন তার চাইতেও বেশি গুরুত্বের সাথে টাইগারদের ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন। সাধ্যমত বিড করবেন নিলামে,
‘আমারও নজর থাকবে, আমিও আশা করি যত বেশি দামে বিক্রি হবে ততই ভালো। বিশ্বাস কর আমি এটা (তামিমের নিলামে অংশ নেওয়া) বলতেও চেয়েছি, আমার সামর্থ্যের মধ্যে যদি থাকে অবশ্যই বিড করবো, দেখা যাক।’
কেএ/বার্তাবাজার