সারাবিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫৫ বাংলাদেশি

সময় যতই যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে করোনায় মৃত লাশের সংখ্যা। মানুষ মরছে প্রতি মিনিটে। হাসপাতালগুলোয় তিলধারণের ঠাঁই নেই। গতকাল পর্যন্ত বিশ্বে ৩২ লাখের মতো মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

মারা গেছেন ২ লাখ ৩৫ হাজারের মতো। পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত অনেকের নাম প্রতিনিয়ত যুক্ত হচ্ছে আক্রান্ত ও মৃতের তালিকায়। এরই মধ্যে ৪৫৫ জনের মতো প্রবাসী মারা গেছেন।

গতকাল পর্যন্ত সারাবিশ্বে ১০ হাজারেরও বেশি বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বিদেশে বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে বাংলাদেশের নাগরিকদের মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে।

একক দেশ হিসেবে সব থেকে বেশি বাংলাদেশি আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার। তবে দেশটিতে কোনো বাংলাদেশি মৃত্যুবরণ করেননি। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। দেশটিতে মারা গেছেন ২১২ বাংলাদেশি।

করোনায় বর্তমানে সব থেকে বেশি ভয়াল থাবা ফেলেছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে নিউইয়র্কের অবস্থা খুবই শোচনীয়। বিশ্বের মোট আক্রান্তের তিন ভাগের একভাগ যুক্তরাষ্ট্রে। মৃত্যুও সব থেকে বেশি যুক্তরাষ্ট্রে। জনস হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত ১১ লাখ ৩১ হাজারের মতো। মৃতের সংখ্যা ৬৬ হাজারের মতো।

যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যে মারা গেছেন সব থেকে বেশি বাংলাদেশি। গতকাল পর্যন্ত ১৫২ বাংলাদেশি মারা গেছেন দেশটিতে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সব থেকে বেশি মারা গেছেন সৌদি আরবে। ৫২ জন বাংলাদেশি করোনা ভাইরাসের সংক্রমণে মারা গেছেন দেশটিতে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর