বিক্রি করা সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন পুলিশ কমিশনার

হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে জন্ম নেয়ার পরই নবজাতক সন্তানকে বিক্রি করে দিয়েছিল গার্মেন্টসকর্মী মা-বাবা। এমন ঘটনা জানতে পেরেই ওই শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন। নিজেই পরিশোধ করেন হাসপাতালের বিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গর্ভবতী কেয়া খাতুন গত ২১ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকার সেন্ট্রাল মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি হন। ওইদিনই সিজারের মাধ্যমে কেয়া খাতুনের কোল জুড়ে আসে ফুটফুটে ছেলে সন্তান এবং ১১ দিনে হাসপাতালের বিল আসে ৪৭ হাজার টাকা। কিন্তু দারিদ্রের নির্মম পরিহাসে কেয়া খাতুন ও তার স্বামী মো. শরীফ হাসপাতালের বিল দিতে না পারায় অন্যের কাছে নিজের সন্তানকে ২৫ হাজার টাকায় বিক্রি করে দিতে বাধ্য হন। সেই সন্তান বিক্রির টাকা দিয়ে হাসপাতালের বিল পরিশোধ করে মা তার নাড়িছেড়া ধনকে ছাড়াই গতকাল শুক্রবার নিজ বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের এনায়েতপুর চলে যান।

পরবর্তীতে বিষয়টি এডিশনাল আইজির (এসবি) মাধ্যমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের নজরে আসলে তিনি দ্রুত ব্যবস্থা নিতে বলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন নিজেই হাসপাতালের বিল পরিশোধের মাধ্যমে নবজাতক শিশুকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন। মা এবং ছেলে দুজনেই সুস্থ আছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, টাকার জন্য মা তার সন্তান বিক্রি করতে পারে না। বিষয়টি খুবই অমানবিক। ঘটনাটি শুনার পর আমি ঠিক থাকতে পারিনি। সন্তানটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আমার খুব ভালো লেগেছে। যতদিন সম্ভব ওই সন্তানের খোঁজ রাখবেন বলেও তিনি আশ্বাস দেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর