১০ মাস বয়সী শিশুর করোনা জয়

করোনা যুদ্ধে বৃদ্ধের পাশাপাশি প্রাণ হারাচ্ছেন অনেক কিশোর-যুবক। কিন্তু কঠিন এ যুদ্ধে জয়ী হন মো. আবির নামের ১০ মাস বয়সী এক শিশু। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। বন্দর নগরীতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লে সেও আক্রান্ত হয়। দশ দিন লড়াইয়ের পর সুস্থ হয়েছে সে। আজ শনিবার তাকে ছাড়পত্র দিয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের সমন্বয়ক সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আব্দুর রব। তিনি বলেন, আইসোলেশন ওয়ার্ডে শিশু আবিরের চিকিৎসা হয়েছে। দশদিন আগে সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছিল। পুনরায় পরীক্ষা করার পর তার রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ। শনিবার বিকেলে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিন হোসাইন চৌধুরী জানান, আবিরের মাকেও পরীক্ষা করা হয়েছিল। তার রিপোর্ট নেগেটিভ এসেছে। আবির সম্পূর্ণ সুস্থ হওয়ায় তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

১০ মাস বয়সী আবির তার মায়ের বুকের দুধ পান করতো। যে কারণে তার মায়েরও পরীক্ষা করান চিকিৎসকরা। করোনায় আক্রান্ত আবিরকে হাসপাতালে ভর্তি করার পর তার চিকিৎসার কর্তব্যরত চিকিৎসকরা যথেষ্ট সহযোগিতা করছেন বলে জানান তার মা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর