ঢাকার কেরানীগঞ্জে একই পরিবারের ৩ জনসহ নতুন করে আরও ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বয়স ১৪ থেকে ৬০ এর মধ্যে। এখন পর্যন্ত কেরাণীগঞ্জে সর্বোমোট আক্রান্ত ১৯৩ জন। এর মধ্যে মারা গেছেন ৭ জন এবং সুস্থ হয়েছেন ১০ জন।
শনিবার (২ মে) রাতে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন।
নতুন আক্রান্ত ২০ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও একজন স্টাফ রয়েছে। এছাড়াও জিনিজরা ইউনিয়নে ৯ জন, তেঘুরিয়া ইউনিয়নে ৫ জন, আগানগর, কালিন্দী, কলাতিয়া ও শুভাঢ্যা ইউনিয়নে একজন করে করোনা পজেটিভ হয়েছেন।
ডা.মীর মোবারক হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করোনা পজিটিভ প্রত্যেকের শারীরিক অবস্থা ভালো থাকায় তাদেরকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে।
এদিকে কেরানীগঞ্জে করোনা পজিটিভের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। এর কারণ হিসাবে তিনি জানিয়েছেন, কেরাণীগঞ্জের মানুষ লকডাউন মানছেন না। সামাজিক দুরুত্ব না মেনে যে যার মতো বাহিরে বের হচ্ছেন। এছাড়াও কারো মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তারা বিষয়টিকে প্রথমে গুরুত্ব না দিয়ে স্বাভাবিকভাবে ঘুরাফেরা করেন এবং কেউ কেউ বিষয়টিকে গোপন রাখেন বলেই প্রতিদিন কেরাণীগঞ্জের মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।
মোবারক হোসেন আরও জানান, কেরণীগঞ্জবাসীকে করোনা ভাইরাসের বিষয়ে সচেতন হতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে এক বেলা কম খেয়ে হলেও সবাইকে ঘরে থাকতে হবে। তা না হলে অবস্থা আরও ভয়াবহ হবে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস