ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৫নং বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এক ইউপি সদস্যের বিরুদ্ধে এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধকে ত্রাণ না দিয়ে উল্টো গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ব্যক্তি চেয়ারম্যান, মেম্বারসহ তিনজনের বিরুদ্ধে ইউএনও’র নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, উপজেলার ৫নং বানা ইউনিয়নের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবীর, ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম হোসেন ও ইউপি সদস্যের চাচাতো ভাই মো. জাহাঙ্গীর মোল্যার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের নিকট এ অভিযোগ করছেন একই ইউনিয়নের উথলী গ্রামের বাসিন্দা মো. তারা মিয়া।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অপর আরেক অভিযুক্ত জাহাঙ্গীর মোল্যা গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক প্রতিবাদ সভা করেছেন।
শনিবার বেলা সাড়ে ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই প্রতিবাদ সভা করেন।
সভায় ইউপি চেয়ারম্যান হাদী হুমায়ুন কবীর বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমি ইউনিয়নের উথলী গ্রামের বাসিন্দা মো. তারা মিয়া নামে এক শারিরীক প্রতিবন্ধীকে ত্রাণ না দিয়ে দুর্ব্যবহার করেছি। আমি যতদূর জানি ওই ব্যক্তি ঢাকাতে বসবাস করেন। সম্প্রতি তিনি বলে বাড়িতে এসেছে। কিন্তু বাড়ীতে আসার পর তার সাথে তো আমার কখনো দেখা কিংবা কথা-ই হয়নি। তাহলে আমি তার সাথে দুর্ব্যবহার করবো কিভাবে? ওই এলাকার একটি মহল তারা মিয়াকে দিয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা এই অপ-প্রচার চালাচ্ছে।’
এ সময় চেয়ারম্যানের সাথে থাকা অপর আরেক অভিযুক্ত মো. জাহাঙ্গীর মোল্যা জানান, ‘এ ঘটনার তো আমি কিছুই জানিনা। আমার বিরুদ্ধে যে মিথ্যা অপ-প্রচার করেছে আমি তার প্রতিবাদ জানাই।’
বার্তা বাজার / ডাব্লিও.এস