দেশে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে গিয়ে চিকিৎসকরাও প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সারা দেশে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫২৩ জন চিকিৎসক। শনিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিস (এফডিএসআর) এ তথ্য জানায়।
আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চসংখ্যক আক্রান্ত রাজধানীতেই। এফডিএসআর এর দেয়া তথ্যমতে রাজধানীর বিভিন্ন হাসপাতালের ৩৮৯ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
সংগঠনটি জানায়, ঢাকা ছাড়া আক্রান্ত চিকিৎসকদের মধ্যে বরিশাল বিভাগে ৯ জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে ৭ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ৭ জন, ময়মনসিংহ ৬১ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন রয়েছেন।
এদিকে সারা দেশে ২৪ ঘন্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫২২ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৫ জনের। যার ফলে করোনায় দেশে আক্রান্তের সংখ্যা দাড়াল ৮ হাজার ৭৯০ জনে। সর্বমোট মৃত্যু হয়েছে ১৭৫ জনের।
বার্তা বাজার / ডাব্লিও.এস