ফরিদপুরের বোয়ালমারীতে মাদ্রাসা পড়ুয়া আরো এক ছাত্রের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মাদ্রাসার যে ছাত্রের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তার বয়স ১৫। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। মাদ্রাসার ওই শিক্ষার্থী ঢাকার কামরাঙ্গির চরে একটি মাদ্রাসায় পড়াশুনা করেন।
মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পর সে সহ আরও সাতজন গত ২২ এপ্রিল বাড়িতে আসেন। সকালের শরীর থেকে উপাত্ত সংগ্রহ করে পরীক্ষা করা হয়। গতকাল ওই ছাত্রের শরীরে করোনা শনাক্ত হয়। এর আগে গত ৩০ এপ্রিল মাদ্রাসার ওই ছাত্রের ২০ বছর বয়সী বড় ভাইয়ের করোনা শনাক্ত হয়েছিল।
টিএইচও বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মাদ্রাসা শিক্ষার্থীর বড় ভাইয়ের কভিড-১৯ পজেটিভ হওয়ার বিষয়টি জানার পর রাতেই উপজেলা প্রশাসনসহ আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশেপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।আক্রান্ত রোগির অবস্থা ভালো থাকায় তাদের দুই ভাইকে বাড়িতেই আলাদা ঘরে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফরিদপুর স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এ পর্যন্ত মোট ১৪ জন রোগি করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন ঢাকায়, তিনজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রয়েছেন। বাকিরা বাড়িতে আইসোলেশনে রয়েছে।
এর মধ্যে শুক্রবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে থাকা তিনজন করোনা রোগি সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। সব মিলিয়ে জেলায় এখন ১১ জন রোগি করোনা শনাক্ত অবস্থায় আছে।
কেএ/বার্তাবাজার