গণস্বাস্থ্যের কিট পরীক্ষায় কমিটি গঠন

গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রাণঘাতী করোনা শনাক্তে ‘জি র‍্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৬ সদস্যের কমিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তারা দ্রুত কাজ শুরু করবে বলেও জানান তিনি।

শনিবার (০২ মে) কমিটির সদস্য কারা জানতে চাইলে তিনি জানান, ‘শুধু কমিটির প্রধানের নাম আমি বলতে পারবো, কেননা গণস্বাস্থ্যের তরফ থেকে কনফিডেন্সিয়ালিটি রক্ষার শর্ত দেওয়া হয়েছে আমাকে।’ বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমকে এই কমিটির প্রধান করা হয়েছে।

গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্যের ‘জি র‍্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয় ওষুধ প্রশাসন অধিদফতর। সেদিন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান জানান, ‘বিএসএমএমইউ বা আইসিডিডিআর,বিতে অথবা দুই জায়গাতেই গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের ট্রায়াল কার্যক্রম (কার্যকারিতা পরীক্ষা বা পারফরমেন্স ট্রায়াল) চালানো হবে। তারা এই দুই জায়গাতে করতে চেয়েছেন, আমরা তাদের ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছি।

তিনি আরও জানান, ‘পারফরমেন্স ট্রায়ালের পর ফলাফল দিলে আমরা তা মূল্যায়ন করবো, এরপরের ধাপে রয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। যদি ভালো হয় তাহলে রেজিস্ট্রেশন হবে, আর যদি কার্যকর না হয় তাহলে রেজিস্ট্রেশনই হবে না। কিট ভালো কাজ করে কিনা সেটা দেখতে হবে আগে, সেটা দেখার জন্যই পারফরমেন্স ট্রায়াল।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর