প্রাণঘাতী করোনা ভাইরাসে মারা গেলেন আরও এক পুলিশ সদস্য। শনিবার (২ মে) রাজারবাগ পুলিশ হাসপাতালের আইসিইউতে মারা যাওয়া এই সদস্যকে নিয়ে মোট ৫ পুলিশের প্রাণ গেল করোনায়। মৃত পুলিশ সদস্যের নাম এসআই সুলতান। তিনি মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত ছিলেন।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সুপার হাসান-উল-হায়দার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৬টা ৫৩ মিনিটে তিনি মারা গেছেন। আগে থেকেই শ্বাসকষ্টে ভোগা এসআই সুলতান গত ৩০ এপ্রিল করোনায় আক্রান্ত হয় এই হাসপাতালে ভর্তি হন।
পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জানান, ‘করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্ব পালনকালে আরও এক পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। তার নাম এসআই সুলতানুল আরেফিন (৪৪)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন।’
তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
বার্তাবাজার/এসজে