করোনা: ব্রাজিলে কফিন সংকট, মর্গে জায়গা নেই

মহামারি করোনা ভাইরাস বেশ শক্তিশালী আক্রমণ শুরু করেছে ব্রাজিলে। দেশটির মানাউস শহরে প্রতিদিনই শতশত মানুষের প্রাণ যাচ্ছে করোনায়। ফলে লাশ সৎকার করা নিয়ে বেশ বেকায়দায় পড়ে যাচ্ছেন কর্তৃপক্ষ। পাওয়া যাছে না কফিন, লাশ রাখার মর্গেও জায়গা সংকট তীব্র।

মহাবন আমাজন ঘেরা এই শহরে ২০ লাখ মানুষ বসবাস করে। সারাদেশের সাথে এই শহরের সরাসরি সড়কপথ নেই। যারফলে সংকট কাটাতে আকাশপথে দ্রুত কফিন পাঠাতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে ন্যাশনাল ফিউনারেল হোম অ্যাসোসিয়েশন।

৩০ এপ্রিল পর্যন্ত দেশটির অ্যামাজোনাস অঙ্গরাজ্যে ৫ হাজার ২০০ জনেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪২৫ জন। তবে সেখানে পর্যাপ্ত পরীক্ষার অভাবে আক্রান্তের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না বলে উদ্বেগ রয়েছে বিশেষজ্ঞদের। পরিস্থিতি মোকাবিলায় এক কবরে একাধিক মরদেহ দাফন করা হচ্ছে। তবে এ ব্যবস্থা পছন্দ না হওয়ায় স্বজনের মরদেহ পুড়িয়ে ফেলছেন অনেকেই।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত ব্রাজিল। তবে গত মাসে এর প্রতিবেশী দেশ ইকুয়েডরেও অনেকটা একই দৃশ্য দেখা গিয়েছিল। দেশটির গুয়াইয়াকুইল শহরে করোনায় মৃত্যু এত বেড়ে গিয়েছিল যে, মর্গে মরদেহ না ধরায় সেগুলো রাস্তায় জমা করতে হয়েছিল।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ব্রাজিলে এ পর্যন্ত ৯২ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ হাজার ৪১২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৩৯ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর