মসজিদের টাকা জমা রাখার দায়িত্ব নিজের কাছে রাখা নিয়ে সংঘর্ষে ভোলার লালমোহনে ১২ জন আহত হয়েছে। শুক্রবার (১ মে) দুপুরে লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের নুরমিয়া জামে মসজিদে এই মারামারির ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকা থমথমে অবস্থায় আছে। আহতদেরকে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর খায়রুল কবীর বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হাসপাতালে ভর্তি একপক্ষের জসিম মিয়া বলেন, নুর মিয়া জামে মসজিদের সভাপতি হারুন মেম্বার পূর্ব পরিকল্পিতভাবে তার দলবল নিয়ে জুমার নামাজ পড়তে মসজিদে ঢুকেন। নামাজের খুতবার আগে কালেকশন করা টাকা তার কাছে জমা রাখার দাবি করে উত্তেজনা সৃষ্টি করেন। পরে নামাজ শেষ করে বাইরে নামলেই তার লোকজন জসিম উদ্দিন ও তার ছেলে শাখাওয়াতসহ বেশ কয়েকজনকে এলাকাপাথারি হামলা করে রক্তাক্ত জখম করেন।
অপরদিকে হারুন মেম্বার দাবী করেন, আমি এখনও মসজিদ কমিটির সভাপতি। নুর মিয়া জামে মসজিদটি সরকারি খাস সম্পদের উপর নির্মিত। কিন্তু প্রায় দেড়’শ বছর ধরে মৌলভী বাড়ির লোকজন অবৈধভাবে মসজিদের নামে প্রায় ৬৫ শতাংশ জমি দখল করে ভোগ করছেন। এ নিয়ে কেউ কথা বললেই মৌলভী বাড়ির লোকেরা স্থানীয় সাধারণ মানুষকে মারপিট করেন। তাদের ক্যাডারদের হামলায় সোহেল, মনির, কাউসার, রাকিব ও আব্দুর রবসহ ৭-৮ জন আহত হয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আবুল কাশেম বলেন, বিরোধ সমাধানের জন্য বহু চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছি। তারা কেউ কাউকে মানেন না।
বার্তাবাজার/এসজে