ফরিদপুরে সংঘর্ষের ঘটনায় সাবেক এমপি পুত্রসহ ৪৩ জনের নামে মামলা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ফরিদপুর-১ আসনের সাবেক এমপি প্রয়াত আব্দুর রউফ মিয়ার পুত্র ও আ’লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে হুকুমের আসামিসহ ৪৩ জনের নাম উল্লেখ করে ২৯ এপ্রিল বুধবার একটি মামলা দায়ের করেছেন প্রতিপক্ষের মো. মামুন মোল্যা।

এজাহার সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বেলজানি গ্রামের জিন্নাহ মাতুব্বর ও আ’লীগ নেতা আলাউদ্দিন মাতুব্বরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৭ ও ৮ এপ্রিল বেলজানি গ্রামে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ২ গ্রুপ।

ওই সংঘর্ষে আলাউদ্দিনের সমর্থকরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে জিন্নাহ মাতুব্বরের পক্ষের ২০টি বাড়িঘর ও দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এতে জিন্নাহ মাতুব্বরের সমর্থকদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ৩০ জন আহত হয় যার মধ্যে ৫জন মারাত্মক আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন। সাবেক এমপি পুত্র আব্দুল্লাহ আল মামুন আলাউদ্দিন মাতুব্বর গ্রুপের সমর্থক।

আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার আগে থেকেই আমি ঢাকায় অবস্থান করছি। আমিসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে না থাকলেও প্রতিপক্ষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাদের নামে মিথ্যা মামলা করেছে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, এ ঘটনায় ২ গ্রুপের দুইটি মামলা হয়েছে এবং সোহেল মুন্সি (৩৫) নামে এক আসামিকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ছবি:বার্তাবাজার।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর