শিশু সন্তানকে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
টাঙ্গাইলের কালিহাতীতে ৫ বছর বয়সী শিশু সন্তানকে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) নির্যাতিতা গৃহবধূ কালিহাতী থানায় অভিযোগ করার পর তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল মান্নান উপজেলার হাসড়া গ্রামের রবি মিয়ার ছেলে।
এজাহার সূত্রে জানাযায়, নির্যাতিতার স্বামী দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকায় কালিহাতি উপজেলার হাসড়া গ্রামের প্রতিবেশী রবি মিয়ার ছেলে মান্নান প্রতিনিয়তই ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলো।
ইতিপূর্বে অভিযুক্ত মান্নানের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করলেও তারা তাকে থামাতে পারেনি।
গত এক মাস পূর্বে প্রতিবেশী মান্নান সন্ধ্যার পরে নির্যাতিতার বাড়িতে এসে নির্যাতিতার ৫বছর বয়সী ঘুমন্ত ছেলেকে জিম্মি করে কূপ্রস্তাব দেয় অন্যথায় ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ করে এবং এব্যাপারে কাউকে কিছু জানালে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল-মামুন জানান, ভুক্তভোগী নারী থানায় পর্ণগ্রাফি ও নারী ও শিশু ধর্ষণ আইনে মামলা করার পর অভিযুক্তকে আটক করেছি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস