মালয়েশিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে প্রাদুর্ভাব কমেছে। তবে এখনো আক্রান্ত ও মৃতের সংখ্যা ওঠানামা করছে। শুক্রবার (১ মে) দেশটিতে নতুন করে ৬৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৬ হাজারেরও বেশি মানুষ দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১০৩ জন।
করোনার প্রাদুর্ভাব বেশ ভালোভাবেই সামাল দিচ্ছে মালয়েশিয়া সরকার। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে কমেছে করোনা রোগীর সংখ্যা। সেবার মান নিয়েও বেশ সন্তুষ্ট স্থানীয়সহ প্রবাসীরা।
করোনার ধাক্কা সামলে আর্থিক বিপর্যয় থেকে রক্ষা পেতে বিশেষ এক ভাষণে আগামী ৪ঠা মে থেকে চলমান বিধিনিষেধ শিথিল করার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তান শ্রি মুহিউদ্দিন ইয়াসিন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রস্তাবিত তথ্যের সর্বোত্তম অনুশীলন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুসরণ করে, সরকার কঠোর স্বাস্থ্য সম্পর্কিত এসওপি প্রয়োগ করে অর্থনীতিটি সাবধানতার সাথে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে শর্ত সাপেক্ষে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে।
করোনার মহামারিতে মালয়েশিয়া চরম অর্থনৈতিক সংকটে পড়লেও অচিরেই এই সংকটময় পরিস্থিতি মোকাবিলা করে দেশটি আবারও ফিরে পাবে চিরাচরিত রূপ এমনটাই প্রত্যাশা সকলের।
বার্তা বাজার / ডাব্লিও.এস