প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। জনসাধারণকে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুরক্ষা দিতে গিয়ে সারা দেশে ৬৭৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৩২৮ জন রয়েছেন। এছাড়াও আক্রান্তদের বাইরে সারা দেশে আরও ১ হাজার ২২৫ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে এবং ১৭৪ জন আইসোলেশনের আছেন।
পুলিশ সদর দপ্তরের সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় পুলিশের ৬৮ জন সদস্য নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট’র (আইউডিসিআর) তথ্য অনুযায়ী, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৩৮ জন। তাদের মধ্যে ৬৭৭ জন (৮ শতাংশের বেশি) পুলিশ হওয়ায় একক পেশাজীবী হিসেবে তারাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন।
গেল সপ্তাহে পুলিশে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে। গত ২৩ এপ্রিল সারা দেশে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্য ছিলেন ২১৮। তাদের মধ্যে ঢাকা মহানগরের ছিলেন ১১৭ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস