আজকে সুনামগঞ্জে আরও ৪ জন করোনায় নতুন সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এলাকা ভিত্তিক সুনামগঞ্জ সদর উপজেলায় ১ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১জন, জগন্নাথপুর উপজেলায় ১ জন ও দিরাই উপজেলার ১ জন। এ নিয়ে অত্র জেলায় কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন দুইজন।
সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, শুক্রবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে এ তথ্য আমাদের জানানো হয়।
তিনি আরও জানান, আমরা বেশ কিছু নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করি। এরপর আজ আমাদেরকে এক বার্তায় এই ৪ জনের তথ্য নিশ্চিত করা হয়।
জেলায় নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ৬৯ জন এবং ১০১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে।
জেলার বিভিন্ন থানা থেকে এ কোয়ারেন্টাইনে গেছেন দিরাই উপজেলার ৪২ জন, জামালগঞ্জ উপজেলার ১৭ জন, ছাতক উপজেলার ৯ জন, তাহিরপুর উপজেলার ১ জন। এছাড়াও হোম ছাড়প্রাপ্তদের মধ্যে দোয়ারাবাজার উপজেলার ১০ জন, তাহিরপুর উপজেলার ১০জন, জামালগঞ্জ উপজেলার ২১ জন, দিরাই উপজেলার ১৭ জন, ধর্মপাশা উপজেলার ১০ জন, ঝাতক উপজেলার ৩ জন, জগন্নাথপুর উপজেলার ৬ জন ও শাল্লা উপজেলার ২৪ জন।
উল্লেখ্য, ইতিমধ্যে করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ২০ জন ডাক্তার ও ১৪৩ জন নার্সও রয়েছেন। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে। এছাড়াও ৮৬ জন ডাক্তার, ২৪৭ জন নার্স প্রস্তুত রয়েছেন। আক্রান্তদের জরুরী চিকিৎসায় স্থানান্তরের প্রয়োজনে ১ টি এম্বুলেন্স প্রস্তুত রয়েছে। জরুরী বিভাগে আইসোলেশনের ব্যবস্থাও রয়েছে।
কেএ/বার্তাবাজার