দুই বছরে বাংলাদেশকে পিছনে ফেলে দিল আফগানিস্তান

১০ই নভেম্বর, ২০০০। ক্যালেন্ডারের এই তারিখেই লাল বলের ক্রিকেটে অভিষেক ঘটেছিল বাংলাদেশের। সেদিন যে স্বপ্ন নিয়ে ঢাকায় ভারতের বিপক্ষে হাবিবুল-বুলবুলরা মাঠে নেমেছিলেন, প্রায় ২০ বছর পর মুমিনুল-মুশফিকদের যুগে আজো সে স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে।

ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে বাংলাদেশ যে কতোটা দুর্বল, কতোটা অসহায় সেটা বোঝা গেল সদ্য প্রকাশ পাওয়া আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের মাধ্যমে। নিয়মের জোরে র‌্যাংকিংয়ে আগের অবস্থানে রয়ে গেলেও রেটিংয়ের দিক দিয়ে টাইগারদের টপকে গিয়েছে ‘পিচ্চি’ আফগানিস্তান।

এদিকে যেই শিশুতুল্য দলের সঙ্গে এখন টাইগারদের তুলনা করা হচ্ছে, ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া সেভ আফগানিস্তান তাদের প্রথম টেস্ট খেলেছিল ২০১৮ সালে। ভারতের বিপক্ষে। এই ম্যাচটি মিলিয়ে গত দুইবছরে মোট চারটি টেস্ট ম্যাচ খেলেছে তারা।

এরমধ্যে দুইটি ম্যাচে পরাজিত হয়েছিল রশিদ খানরা। আবার বাকি দুইটি ম্যাচে জয়ও পেয়েছে দলটি। তবে দুঃখজনকভাবে বাংলাদেশ সেই দুই দলের একটি, যাদের বিপক্ষে আফগানরা জয় পেয়েছে। গত সেপ্টেম্বরে ঘরের মাটিতে পুঁচকে দলটির কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল সাকিব আল হাসানের দল। টেস্ট ক্রিকেটে আফগানরা অপর জয়টি পেয়েছিল আইরিশদের বিপক্ষে। এই দুই ম্যাচের ওপর ভর করেই ফর্ম্যাটটিতে ৫৭ রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে তারা।

অপরদিকে গত ২০ বছরে টেস্ট মর্যাদাসম্পন্ন ১২টি দলের মধ্যে একমাত্র আয়ারল্যান্ড ব্যতীত বাকি ১১টি দলের বিপক্ষেই খেলেছে বাংলাদেশ। হতাশাজনকভাবে ইতিহাসে একমাত্র দল হিসেবে ১১টি দলের বিপক্ষে টেস্টে হারার লজ্জার রেকর্ডের মালিকও এখন বাংলাদেশ। তবে টাভগাররা জয়ের দেখা পেয়েছে মাত্র ৫টি দলের বিপক্ষে (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে)। এদিকে পরিসংখ্যান অনুসারে এখন পর্যন্ত মোট ১১৯ টি টেস্ট ম্যাচ খেলে ৮৯ বার হারের বিপরীতে জয়ের দেখা মিলেছে মাত্র ১৪ বার!

বর্তমানে টেস্টে টাইগারদের রেটিং পয়েন্ট ৫৫। সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় লাভ করলেও তাতে র‌্যাংকিং বা রেটিংয়ে কোনো পরিবর্তন হয়নি। এখন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকেও আফগানিস্তান কেন ‌র‌্যাংকিংয়ে এখনো বাংলাদেশকে ছাড়িয়ে যেতে পারেনি? উত্তরটা হচ্ছে আফগানিস্তান এবং আয়ারল্যান্ড – উভয় দলই এখনো র‌্যাংকিংয়ে জায়গা করে নেওয়ার মতো পর্যাপ্ত ম্যাচ খেলেনি। তবে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে – যদি এমনটা চলতে থাকে আর আফগানিস্তান র‌্যাংকিংয়ের খাতায় নিজেদের নাম তুলে ফেলে, তাহলে সত্যি সত্যিই তারা সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশকে টপকে ফেলবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর