সাভার ও ধামরাইয়ের সর্বশেষ করোনা পরিস্থিতি

শুক্রবার (১লা মে) এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকার সাভার ও ধামরাই উপজেলার সর্বেশেষ করোনা পরিস্থিতির তথ্য অনুযায়ী সাভারের জন্য আশঙ্কাজনক হারে করোনা পজিটিভ এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সাভারে করোনা পজিটিভ নতুনকরে শনাক্ত হয়েছেন ৮ জন। এদের ভিতর ৭ জনই পোশাককর্মী! গত ২৪ ঘণ্টায় এই আটজনের আক্রান্ত হবার দ্বারা সাভারে করোনা আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৪ জনে!

এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সায়েমুল হুদা জানান, নতুন আক্রান্ত হওয়া সাতজনই সাভারের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। তাঁদের বয়স ৩৫ থেকে ৩৮ বছরের মধ্যে। তাঁরা যেসব এলাকায় থাকতেন শুক্রবার ওই সব এলাকা লকডাউন করে দিয়েছে পুলিশ বলেও জানিয়েছেন তিনি।

ছবি:বার্তাবাজার।

এব্যাপারে বার্তা বাজারকে তিনি আরও জানান, গত বৃহস্পতিবার শতাধিক পোশাককর্মী করোনার পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এদের ভিতর থেকে যাচাই-বাছাই করে ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠানো হয়। এই ৫০ জনের মধ্যে আটজনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া যায়। এদের একজন ধামরাইয়ের বাসিন্দা। সাভারে আক্রান্ত সাতজন পৌর এলাকার উলাইলের তিনটি কারখানার শ্রমিক। তাঁদের রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(UHFPO) ডাঃ নূর রিফফাত আরা এব্যাপারে জানান, শুক্রবার (১লা মে) সন্ধ্যা ৭টা পর্যন্ত আক্রান্তের সংখ্যা মোট ৭ জন। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯৪ জনের। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন ১ জন। তিনি উপজেলার রূপনগর এলাকার।

ছবি:বার্তাবাজার।

গতকাল বৃহস্পতিবার মোট আক্রান্ত ছিলেন ৬ জন উল্লেখ করে ডাঃ নুর রিফফাত আরা জানান যে, ধামরাইয়ে করোনা পজিটিভ কারও মৃত্যু ঘটেনি এবং আক্রান্ত ৭ জনের ভিতর থেকে কেউ সম্পূর্ণ সুস্থও হননি। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী সেবা চালু রয়েছে উল্লেখ করে তিনি আরও জানান যে তাদের মাঠ পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর