টেকনাফে র‌্যাবের গুলিতে দুই রোহিঙ্গা ডাকাত নিহত: বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে রোহিঙ্গা বন্দুকধারীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এঘটনায় কুখ্যাত রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের দুই সদস্য নিহত হয়েছে।

ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ১৫টি অস্ত্র, ২৮ রাউন্ড গুলি ও ২টি ধারালো দা উদ্ধার করা হয়েছে। আজ ভোর রাতে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পাশ্ববর্তী পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা ডাকাত আব্দুল হাকিম (২১) ও ডাকাত মো. রশিদ (৩৩) বলে নিশ্চিত করেছে র‍্যাব সূত্র।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পাশে পাহাড়ে একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী অবস্থান নেয়ার সংবাদ পেয়ে র‍্যাব অভিযান চালায়। এসময় বন্দুকধারী রোহিঙ্গা সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা ডাকাতের মৃতদেহসহ দেশীয় তৈরী ১৫টি অস্ত্র, ২৮ রাউন্ড গুলি ও ২টি ধারালো দা উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর