এবার অনন্ত জলিলের কারখানাতেও শ্রমিক আন্দোলন

মহান শ্রমিক দিবসেও হাজিরা কাটার ভয় দেখিয়ে কাজে যোগদান করাতে বাধ্য করায় অভিনেতা অনন্ত জলিলের গার্মেন্টস ফ্যাক্টরিতেও হাজার হাজার শ্রমিক এবার বিক্ষোভ করেছে। শুক্রবার (১ মে) দুপুরে সব শ্রমিক একযোগে কারখানা থেকে বের হয়ে ঢাকা-মানিকগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আজ শুক্রবার সকালে সাভারের হেমায়েতপুরে অভিনেতা অনন্ত জলিলের মালিকাধীন এজেআই গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই বিক্ষোভের সূত্রপাত হয়।

শ্রমিকদের অভিযোগ, তিনদিনের হাজিরা কাটার ভয় দেখিয়ে শ্রমিকদেরকে সরকারি ছুটির দিনেও কারখানায় আসতে বাধ্য করে মালিকপক্ষ। কাজে যোগ দিয়ে বেশ কয়েকজন শ্রমিক বিষয়টি গণমাধ্যমকে জানালে বেসরকারি সংবাদভিত্তিক একটি টেলিভিশনের সাংবাদিক সেখানে গেলে শ্রমিকরা কর্মস্থল ছেড়ে একযোগে বের হয়ে আসে সড়কে।

শ্রমিকরা সাংবাদিকদের কাছে অভিযোগ করার সময় মালিকদের পক্ষ নিয়ে লাঠি হাতে তেড়ে আসেন আরেকদল শ্রমিক। এ সময় দু’দল শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। তাদের ধাওয়ার মুখে বেশ কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হন।

মে দিবসেও কারখানা খুলে দেবার বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ সাভার জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আরিফ। তিনি জানান, কেবল এজেআই গ্রুপই নয়, আজ এই শিল্পাঞ্চলে আরও পাঁচটি কারখানা খোলা রাখা হয়েছে।

এ জে আই গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা অনন্ত জলিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

গ্রুপের প্রধান মানব সম্পদ কর্মকর্তা জাহিদুল হাসান মীর জানান, করোনাভাইরাসে ব্যক্তিগত সুরক্ষা সামগ্র (পিপিই) তৈরির জন্যে শ্রমিকদের কারখানায় আনা হয়েছিল। শ্রমিকরা কাজ করতে ইচ্ছুক নন এটা বোঝার সঙ্গে সঙ্গেই তারা কারখানায় ছুটি ঘোষণা করেছেন।

পরে খবর পেয়ে ট্যানারি পুলিশ ফাড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর