কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন কুখ্যাত ‘জকির’ গ্রুপের দুই সদস্য। এসময় উদ্ধার করা হয়েছে ১৫টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র। শুক্রবার (১ মে) ভোরে টেকনাফের জাদিমুরা ক্যাম্পের পাহাড়ি এলাকায় র্যাব-১৫ এর একটি দলের অভিযানে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
নিহত দুই ডাকাত হলো-রশিদ (৩০) ও হাকিম (৩৫)। তারা উভয়ই কুখ্যাত জকির গ্রুপের সক্রিয় ডাকাত।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র্যাব-১৫ এর একটি দল জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬-এর পাহাড়ি এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। জবাবে র্যাবও গুলি করে। বেশ কিছুক্ষন তুমুল গোলাগুলির পর ওরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে দুই গুলিবিদ্ধ ডাকাতকে উদ্ধার করা হয়। একইসাথে পাওয়া যায়, ছোট-বড় ১৫ আগ্নেয়াস্ত্র, দুটি রামদা। আহত ডাকাতদের টেকনাফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেখানকার রোহিঙ্গারা জানান নিহত দুজনই রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সদস্য। গোলাগুলিতে আহত হন র্যাবের কয়েকজন সদস্যও। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যারাকে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পৃথক আইনে মামলা করা হচ্ছে বলে উল্লেখ করেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
বার্তাবাজার/এসজে